দেশে হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে এবং দুই শিশুর মৃত্যুর কারণ হিসেবে হাম নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ফলে গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭৫ জনে। এদের মধ্যে ৭৭ জনের মৃত্যু সরাসরি হামের কারণে হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এসব মৃত্যু ঘটে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৯ শিশুর মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে তিনজন করে রয়েছে। এছাড়া চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে। জেলা পর্যায়ে ঢাকা ও মৌলভীবাজারে সবচেয়ে বেশি দুজন করে শিশুর মৃত্যু হয়েছে।
এদিকে একই সময়ে দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৬৪ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে ১ হাজার ১১৫ জনকে এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ১১০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৩ জনের হাম শনাক্ত হয়েছে।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি ৫৪৪ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এরপর রয়েছে চট্টগ্রাম বিভাগে ২৩০ জন এবং বরিশাল বিভাগে ১৪৭ জন। নিশ্চিত হাম শনাক্তের সংখ্যাও সবচেয়ে বেশি ঢাকা বিভাগে, যেখানে ৫৪ জন রোগীর শরীরে হাম শনাক্ত হয়েছে।

