দেশের বাজারে সর্বশেষ ১০ দফা মূল্য সমন্বয়ের মধ্যে ৭ বারই কমেছে সোনার দাম। এর মধ্যে টানা তিন দফায় ভরিপ্রতি মোট ৮ হাজার ৭৪৮ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বুধবার (২০ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দাম বুধবার সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা।
এর আগে গত ১৬ মে ভরিপ্রতি ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করেছিল বাজুস।
চলতি বছরে এখন পর্যন্ত দেশে ৬৬ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৫ বার দাম বাড়ানো হলেও ৩১ বার কমানো হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়।
তবে সোনার দাম কমলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৬৫৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৪৪১ টাকায় বিক্রি হচ্ছে।
চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৩৯ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২১ বার দাম বেড়েছে এবং ১৮ বার কমেছে। আর ২০২৫ সালে রুপার দাম মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল; যার মধ্যে ১০ বার বেড়েছিল এবং ৩ বার কমেছিল।

