দেশের প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য মেট্রো রেলে বিশেষ ভাড়া ছাড় চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা একক যাত্রার টিকিটে ২৫ শতাংশ ভাড়া ছাড় পাবেন। ইতোমধ্যে এ সংক্রান্ত প্রস্তাবে অর্থ বিভাগের অনুমোদন পাওয়া গেছে এবং খুব শিগগিরই আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সরকারের নির্বাচনী অঙ্গীকার এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রদত্ত ‘সুবর্ণ পরিচয়পত্র’ প্রদর্শনের মাধ্যমে এই সুবিধা গ্রহণ করতে পারবেন। অন্যদিকে, প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে বয়স যাচাই করে ছাড় কার্যকর করা হবে।
এর আগে মেট্রো রেলে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারা বিনামূল্যে ভ্রমণের সুবিধা পেতেন এবং প্রতিবন্ধী যাত্রীদের জন্য ১৫ শতাংশ ভাড়া ছাড় কার্যকর ছিল। নতুন সিদ্ধান্তে এই ছাড় বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়েছে এবং প্রথমবারের মতো প্রবীণ নাগরিকদেরও এর আওতায় আনা হচ্ছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর হিসাব অনুযায়ী, এই সুবিধা কার্যকর হলে বছরে প্রায় ১২ কোটি টাকার মতো রাজস্ব কমতে পারে, যা মোট টিকিট আয়ের প্রায় ৩ শতাংশের সমান। তবে জনকল্যাণ বিবেচনায় অর্থ বিভাগের অনুমোদন নিয়েই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে।

