রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত ও সুষ্ঠু তদন্ত শেষে অল্প সময়ের মধ্যেই চার্জশিট দাখিল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধ নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে, যাতে সমাজে অপরাধ প্রবণতা কমে আসে।
তিনি বলেন, ধর্ষণ ও হত্যার মতো অপরাধ সংঘটিত হওয়ার পর দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণই সরকারের প্রধান দায়িত্ব। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সংঘটিত প্রতিটি গুরুত্বপূর্ণ অপরাধে পুলিশ দ্রুত তদন্ত ও আসামি গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করেছে বলেও দাবি করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই প্রধান আসামিসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে। প্রধান অভিযুক্ত সোহেল ও তার স্ত্রীকে আটক করা হয়েছে এবং তারা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
তিনি আশ্বাস দিয়ে বলেন, এ ঘটনায় স্বল্প সময়ের মধ্যেই সুষ্ঠু তদন্ত সম্পন্ন করে চার্জশিট দাখিল করা হবে। তবে বিচার কার্যক্রম পরিচালনার দায়িত্ব আদালতের।

