বিশ্বকাপ শুরুর মাত্র একদিন আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে দাপুটে জয় তুলে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুধবার (১০ জুন) যুক্তরাষ্ট্রের জন হেয়ার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে আলবিসেলেস্তেরা।
ম্যাচের শুরুতে কিছুটা সতর্ক ছিল আর্জেন্টিনা। নিকো পাজের একটি আক্রমণ ব্যর্থ হওয়ার পর দ্রুত পাল্টা আক্রমণে ওঠে আইসল্যান্ড। এলার্টসন গোলের সামনে দারুণ সুযোগ পেলেও তার শট ক্রসবারের ওপর দিয়ে চলে গেলে প্রাথমিক বিপদ কাটিয়ে ওঠে লিওনেল স্কালোনির দল।
এরপর ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় আর্জেন্টিনা। বলের দখল ধরে রেখে একের পর এক আক্রমণ চালাতে থাকে তারা। প্রথমার্ধে আক্রমণভাগে সবচেয়ে উজ্জ্বল ছিলেন নিকো পাজ। তার সৃজনশীলতা ও গতিশীলতায় বারবার চাপে পড়ে আইসল্যান্ডের রক্ষণভাগ।
প্রথমার্ধে একটি গোল করে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা। বিরতির পর মাঠে নেমেই দলের ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক লিওনেল মেসি। পেনাল্টি থেকে গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।
ম্যাচের ৭২তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন মেসি। এরপর ৮৬তম মিনিটে থিয়াগো আলমাদা গোল করলে ৩-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
মাঝেমধ্যে লম্বা বল ও থ্রো-ইনের মাধ্যমে ম্যাচে ফেরার চেষ্টা করেছে আইসল্যান্ড। তবে আর্জেন্টিনার সুসংগঠিত রক্ষণভাগ তাদের কোনো সুযোগ তৈরি করতে দেয়নি। ফলে গোলরক্ষক জেরোনিমো রুলিকে খুব বেশি কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়নি।
পুরো ম্যাচজুড়ে বলের দখল, আক্রমণের ধার এবং ম্যাচ নিয়ন্ত্রণে স্পষ্ট আধিপত্য দেখিয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপের আগে এই জয় দলটির আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। আইসল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে নিজেদের প্রস্তুতির শক্ত বার্তা দিল বিশ্বচ্যাম্পিয়নরা।

