আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘ ২৩ বছরের বর্ণাঢ্য পথচলার ইতি টানলেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো। জাতীয় দলের হয়ে আর মাঠে নামবেন না পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবল তারকা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ৪১ বছর বয়সী রোনালদো।
বিবৃতিতে রোনালদো বলেন, ‘সময় এসেছে জাতীয় দলের সাত নম্বর জার্সিটি ভবিষ্যৎ প্রজন্মের হাতে তুলে দেওয়ার। এই জার্সি কখনোই শুধু আমার ছিল না। তবে ২৩ বছর ধরে এটি পরার, রক্ষা করার এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের স্টেডিয়ামে বয়ে নিয়ে যাওয়ার সৌভাগ্য ও দায়িত্ব আমার ছিল।’
অবসরের সিদ্ধান্ত সহজ ছিল না বলেও জানান পর্তুগিজ এই তারকা। তিনি বলেন, ‘কিছু সিদ্ধান্ত শুধু মাথা দিয়ে নেওয়া যায় না, হৃদয়েরও ভূমিকা থাকে।’
২০০৩ সালের আগস্টে পর্তুগাল জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে যাত্রা শুরু করেছিলেন রোনালদো। দীর্ঘ ২৩ বছরের সেই যাত্রা তার জীবনকে চিরতরে বদলে দিয়েছে। এবার জাতীয় দলের জার্সিতে সেই অধ্যায়ের সমাপ্তি ঘটল।

