নির্বাচন ও ভোটার তালিকা কার্যক্রমে নিয়োজিত কোনো কর্মকর্তা বা কর্মচারী দুর্ঘটনা কিংবা হামলায় নিহত হলে তার পরিবার সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদান পাবে—এমন নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (১০ জুন) ইসির উপ-সচিব রাশেদুল ইসলামের স্বাক্ষরিত নীতিমালার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানান।
নীতিমালায় বলা হয়েছে, দায়িত্ব পালনের সময় কোনো কর্মকর্তা বা কর্মচারী দুর্ঘটনা বা হামলার শিকার হয়ে নিহত হলে তার পরিবার সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদান পাবে। গুরুতর আহত হয়ে স্থায়ীভাবে অক্ষম হলে সর্বোচ্চ ৪ লাখ টাকা এবং সাময়িক অক্ষমতার ক্ষেত্রে সর্বোচ্চ ২ লাখ টাকা সহায়তা দেওয়া হবে। সাধারণভাবে আহত হলে সহায়তার পরিমাণ সর্বোচ্চ ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া দায়িত্ব পালনকালে আকস্মিক অসুস্থতায় মৃত্যুবরণ করলে সর্বোচ্চ ৬ লাখ টাকা অনুদান দেওয়ার বিধান রাখা হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে সর্বোচ্চ ৩ লাখ টাকা এবং সাময়িক অসুস্থতায় সর্বোচ্চ ৫০ হাজার টাকা সহায়তা পাওয়া যাবে।
নীতিমালায় আরও বলা হয়েছে, হাসপাতালে ভর্তি হয়ে ব্যয়বহুল চিকিৎসার ক্ষেত্রে সর্বোচ্চ ৩ লাখ টাকা এবং সাধারণ চিকিৎসার ক্ষেত্রে সর্বোচ্চ ২ লাখ টাকা অনুদান দেওয়া হবে।
অনুদান পেতে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা মৃত ব্যক্তির পরিবারকে নির্ধারিত পদ্ধতিতে আবেদন করতে হবে। পরে সংশ্লিষ্ট কমিটির সুপারিশের ভিত্তিতে তা নির্বাচন কমিশনে উপস্থাপন করা হবে এবং অনুমোদনের পর অর্থ প্রদান করা হবে।
ইসি কর্মকর্তারা জানান, আগে এ ধরনের সহায়তার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা না থাকায় জটিলতা তৈরি হতো। নতুন নীতিমালার মাধ্যমে অনুদান প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সুনির্দিষ্ট হবে বলে তারা আশা প্রকাশ করেছেন।

