ফোর্তালেজায় অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে ১-০ গোলে হেরেছে ব্রাজিল নারী ফুটবল দল। তবে ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনায় এসেছে মাঠের উত্তেজনা ও বিশৃঙ্খলা। খেলোয়াড়, কোচ ও স্টাফ মিলিয়ে ব্রাজিল দলের আটজন সদস্য লাল কার্ড দেখেন, আর ম্যাচ শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পর্যন্ত মাঠে নামতে হয়।
ম্যাচের একমাত্র গোলটি আসে ব্রাজিলের ডিফেন্ডার ইসাবেলা চাগাসের আত্মঘাতী গোলে। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা দেখা যায়, যা শেষ দিকে চরম আকার ধারণ করে। ব্রাজিল ম্যাচ শেষ করে মাত্র ৯ জন খেলোয়াড় নিয়ে।
ব্রাজিলের প্রধান কোচ আর্থার এলিয়াসসহ কয়েকজন স্টাফ বহিষ্কৃত হন। অতিরিক্ত সময়ে ফরোয়ার্ড বিআ জেনেরাত্তো ও তারসিয়ানে লাল কার্ড দেখেন। ম্যাচ শেষে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে বহিষ্কৃত হন কেরোলিন ও লুদমিলাও।
ম্যাচ শেষে যুক্তরাষ্ট্রের কোচ এমা হায়েস ব্রাজিলের প্রতি সম্মান জানিয়ে বলেন, এমন অভিজ্ঞতা তিনি কখনও ভুলবেন না। আগামী ২০২৭ সালের নারী বিশ্বকাপের আয়োজক ব্রাজিলের জন্য এই ম্যাচ নতুন বিতর্কের জন্ম দিল।

