টানা চার দফা কমানোর পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার (১৩ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৪৯ হাজার ৮৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে সর্বশেষ ১১ জুন স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের দাম ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছিল।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৭৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৩৮ বার দাম বেড়েছে এবং ৩৬ বার কমেছে। ২০২৫ সালে মোট ৯৩ বার সমন্বয়ের মধ্যে ৬৪ বার দাম বৃদ্ধি এবং ২৯ বার কমানো হয়েছিল।
এদিকে স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ভরিতে ২৯১ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ১৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দামে ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ৮৯৯ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ১৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

