সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো হিসেবে নবম জাতীয় পে স্কেল কার্যকরের ঘোষণা দিয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ ঘোষণা দেন।
ঘোষণা অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে। প্রস্তাবিত কাঠামোতে বিভিন্ন গ্রেডে মূল বেতন বর্তমানের তুলনায় দ্বিগুণ থেকে আড়াইগুণ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
বর্তমানে কার্যকর অষ্টম জাতীয় বেতন কাঠামোতে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা এবং সর্বোচ্চ ৭৮ হাজার টাকা। নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, নতুন কাঠামোতে সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব রয়েছে।
অর্থমন্ত্রী বাজেট বক্তব্যে বলেন, সরকারি কর্মচারীরা দীর্ঘ সময় ধরে একই বেতন কাঠামোর আওতায় আছেন। এ সময়ে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় নতুন পে স্কেল প্রয়োজন হয়ে পড়েছে। সে বাস্তবতা বিবেচনায় ধাপে ধাপে নতুন কাঠামো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রস্তাবিত কাঠামো অনুযায়ী গ্রেডভিত্তিক বেতনেও বড় পরিবর্তন আনা হয়েছে। গ্রেড-১ থেকে গ্রেড-২০ পর্যন্ত প্রায় সব স্তরেই উল্লেখযোগ্য হারে বেতন বৃদ্ধি করার সুপারিশ করা হয়েছে।
এ বিষয়ে নবম জাতীয় বেতন কমিশনের প্রস্তাব পর্যালোচনায় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে ১০ সদস্যের একটি কমিটি কাজ করছে। কমিশনের হিসাবে, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সরকারের অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে।

