দিনাজপুরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ২ মিনিট ৩ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওটি ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
ভিডিওটি ছাত্রলীগের একটি অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রচার করা হয়েছে বলে জানা গেছে। এতে দেখা যায়, দিনাজপুর জেলা ছাত্রলীগের সদস্য ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফেরদৌস আলমের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন নেতাকর্মী মুখে মাস্ক ও মাথায় সাদা টুপি পরে ব্যানার নিয়ে মিছিল করছেন।
ব্যানারে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা’ উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানানো হয়। ভিডিওতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগানও শোনা যায়।
ছাত্রলীগের একাধিক সূত্রের দাবি, শনিবার সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে শহরের মির্জাপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সড়কে এই ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়।

