চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (১৫ জুন) রাজধানীর মোহাম্মদপুরে ‘প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল দুই মাসের মধ্যে প্রকাশের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ২০ জুলাইয়ের মধ্যে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কোচিংয়ের ওপর নির্ভরতা কমাতে সিলেবাস ও কারিকুলাম ঢেলে সাজানোর কাজ চলছে। শিক্ষাকে আরও কর্মমুখী ও যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী জানান, দেশে কারিগরি শিক্ষার প্রসার ও দক্ষ মানবসম্পদ গঠনের লক্ষ্যে ৩২৯টি নতুন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নির্মাণাধীন রয়েছে, যা আগামী দুই বছরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, সরকার শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। পাশাপাশি সেশনজট কমিয়ে আনার জন্যও পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীরা দ্রুত পরবর্তী ধাপে অগ্রসর হতে পারে।
এছাড়া তিনি জানান, আগামী জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ কার্যক্রম শুরু হবে। ডিসেম্বরের মধ্যে পরিমার্জিত নতুন পাঠ্যবই সব স্কুলে পৌঁছে দেওয়ার প্রস্তুতিও চলছে।

