ফ্যামিলি কার্ড’ পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন উপলক্ষে আগামী বুধবার (১৭ জুন) মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদরে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। পরে তিনি দুসাই রিসোর্টে আয়োজিত একটি রাজনৈতিক সভায় যোগ দেবেন।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে মৌলভীবাজার ও শ্রীমঙ্গল এলাকায় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। মৌলভীবাজার-শ্রীমঙ্গল এবং সিলেট-মৌলভীবাজার সড়কের দুই পাশের ঝোপঝাড় পরিষ্কার করা হচ্ছে। জেলা সার্কিট হাউস পরিচ্ছন্ন করার পাশাপাশি শহরের ফুটপাত দখলমুক্ত ও বিভিন্ন সড়ক সংস্কারের কাজও চলছে।
এদিকে সমাবেশস্থল হিসেবে নির্ধারিত ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ এবং মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ সংস্কার করে মঞ্চ নির্মাণের কাজ এগিয়ে চলছে। প্রশাসনের পাশাপাশি জেলা বিএনপিও সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল জানান, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
অন্যদিকে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যানের আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেন, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে এবং জেলা বিএনপির পক্ষ থেকে সব ধরনের আয়োজন সম্পন্ন করা হয়েছে।

