সারাদেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১১১ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া হাম সদৃশ উপসর্গ দেখা গেছে ৯৬৬ শিশুর মধ্যে এবং হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১১১ জন শিশু।
বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে সারাদেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৭৩ হাজার ২৭৭ জন রোগী। একই সময়ে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৬৩৪ জন শিশু। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬৯ হাজার ৬৮৮ জন শিশু।
সংস্থাটি জানায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে সরাসরি ৯৩ জন এবং হামের উপসর্গ নিয়ে ৫৬৮ শিশুর মৃত্যু হয়েছে। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬১ জনে।
বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় হাম ও হাম সদৃশ উপসর্গের সর্বোচ্চ সংখ্যা পাওয়া গেছে ঢাকা বিভাগে ৪০৬ জন। এরপর চট্টগ্রামে ২১৩ জন, বরিশালে ১১০ জন, সিলেটে ৫৬ জন, খুলনায় ৫৪ জন, ময়মনসিংহে ৫২ জন, রাজশাহীতে ৪৮ জন এবং রংপুরে ২৭ জন আক্রান্ত হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ২৫ মে একদিনে হাম ও এর উপসর্গে ১৭ শিশুর এবং ২৪ মে ১৬ শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

