নওগাঁর রাণীনগর-আত্রাই আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল ডাকাতি করার সময় তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় আরও পাঁচ ডাকাত পালিয়ে গেছে। শনিবার (২০ জুন) সকালে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, শুক্রবার (১৯ জুন) রাত ১০টার দিকে উপজেলার গোনা মোড় নামক স্থানের ওই সড়কে ডাকাতি করার সময় জনগণের সহযোগিতায় তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- নওগাঁ সদর উপজেলার উত্তর সর্দারপাড়া গ্রামের সেন্টু হোসেনের ছেলে ফয়সাল হোসেন (২১), বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রামের ফিরোজ মণ্ডলের ছেলে সানা মণ্ডল (২২) এবং একই গ্রামের মসিদুল ইসলামের ছেলে রাব্বি হাসান (১৯)।
ওসি জাকারিয়া মণ্ডল বলেন, গতকাল শুক্রবার রাতে গোনা এলাকার মাহবুব নামের এক মোটরসাইকেলচালক রাণীনগর-আত্রাইগামী আঞ্চলিক মহাসড়কের গোনা মোড় এলাকায় পৌঁছামাত্র পেছন থেকে তিনটা মোটরসাইকেলে ৮ জন ডাকাত তাদের ধাওয়া করে। তবে মাহবুবের পেছনে বসে থাকা যাত্রীর চিৎকারে স্থানীয় জনগণের পাশাপাশি পুলিশ এগিয়ে আসলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে উপজেলার খট্রেশ্বর নামক জায়গা থেকে জনগণের সহযোগিতায় তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় একজনের কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়। গ্রেফতার এই তিনজন এক মোটরসাইকেলে ছিল। আর দুই মোটরসাইকেল নিয়ে আরও পাঁচ ডাকাত পালিয়ে গেছে।
তিনি আরও বলেন, তারা মূলত ডাকাতি করার উদ্দেশ্যেই এসেছিল। চালক মাহবুবকে ধরতে পারলে হয়তো মারপিট করে তার মোটরসাইকেলটি ডাকাতি করে নিয়ে যেত। গ্রেফতার তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হবে। আর পালিয়ে যাওয়া ৫ ডাকাতকে ধরতে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

