বিএনপি নেতা রাশেদ খাঁন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালাকে নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তিনি হানজালাকে চিড়িয়াখানায় রাখার দাবি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।
শনিবার (২০ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে রাশেদ খাঁন লেখেন, এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক, যাতে চিড়িয়াখানার কাউন্টার থেকে সবাই টিকিট কেটে তাকে দেখতে পারে। তিনি অভিযোগ করেন, এক বিএনপি নেতার সঙ্গে হানজালার আচরণ দেখে তিনি লজ্জিত হয়েছেন এবং প্রশ্ন তোলেন, এমন আচরণের একজন ব্যক্তি কীভাবে সংসদ সদস্য হয়েছেন।
রাশেদ খাঁন আরও বলেন, এর আগেও হানজালা বিএনপিকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেছিলেন। আওয়ামী লীগের শাসনামলে তাদের এমন অবস্থান দেখা যায়নি বলেও মন্তব্য করেন তিনি।
পোস্টের শেষাংশে তিনি দাবি করেন, হানজালাসহ এ ধরনের ব্যক্তিদের আচরণে মনে হচ্ছে তারা ক্ষমতাসীন দলের মতো আচরণ করছেন, আর বিএনপিকে বিরোধী দলের অবস্থানে রাখা হয়েছে। রাজনৈতিক সংকট না থাকলে সংশ্লিষ্ট বিএনপি নেতা আরও কঠোর প্রতিক্রিয়া দেখাতেন বলেও উল্লেখ করেন তিনি।

