গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিজের ছেলেকে ত্যাগ করার ঘোষণা দিয়েছেন আব্দুল ওহাব শেখ নামের এক ব্যক্তি।
সোমবার (২২ জুন) রাতে উপজেলার গওহরডাঙ্গা চৌড়ঙ্গি এলাকার রাজীব ফার্নিচার নামের একটি দোকানের অফিস কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
আব্দুল ওহাব শেখ (৬৫) উপজেলার পাটগাতী ইউনিয়নের গওহরডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি জানান, তার ছেলে সজীব শেখের ছাত্রলীগে কোনো পদ-পদবি না থাকলেও সঙ্গদোষে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছে।
লিখিত বক্তব্যে আব্দুল ওহাব শেখ বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তার বড় ছেলে টুঙ্গিপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি। তবে তার ছোট ছেলে সজীব শেখ ছাত্রলীগের সঙ্গে জড়িয়ে পড়ে।
তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি ছেলের ছাত্রলীগের সম্পৃক্ততার বিষয়টি জানতে পারেন। পরে তাকে বোঝানোর জন্য বহু চেষ্টা করা হলেও সে নিজের অবস্থান থেকে সরে আসেনি। এ কারণে পরিবারের পক্ষ থেকে সজীব শেখকে ত্যাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আব্দুল ওহাব শেখ জানান, এখন থেকে সজীব শেখের ব্যক্তিগত কোনো কার্যক্রমের দায়ভার পরিবার নেবে না এবং তার সকল কর্মকাণ্ডের দায়ভার সম্পূর্ণ তার নিজের।

