সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে পাঁচ লাখ টাকা দান করেছেন সদ্য বিদায়ী জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। সোমবার (২২ জুন) বিকেলে মাজারের দানবাক্সের টাকা জমার সময় তিনি এই অর্থ প্রদান করেন।
জানা গেছে, ওইদিন মাজারের দানবাক্স থেকে পাওয়া ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা মাজারের সোনালী ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়া হয়। এর সঙ্গে সাবেক জেলা প্রশাসক মো. সারওয়ার আলম ব্যক্তিগতভাবে আরও পাঁচ লাখ টাকা দান করেন। ফলে মোট জমার পরিমাণ দাঁড়ায় ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তানভীর হোসাইন সজীব। তিনি জানান, মাজারের দানবাক্সের অর্থের সঙ্গে সাবেক জেলা প্রশাসক ব্যক্তিগতভাবে পাঁচ লাখ টাকা প্রদান করেছেন।
দায়িত্ব ছাড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি বিদায়ী বার্তা দেন সারওয়ার আলম। তিনি লেখেন, “বিদায় সিলেট। ভালো থাকুন সিলেটবাসী। আপনাদের ভালোবাসায় আমি ধন্য।”
তার এই বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই তাকে শুভকামনা জানান। দায়িত্ব পালনের সময় সিলেটবাসীর সঙ্গে তার গড়ে ওঠা আন্তরিক সম্পর্কের প্রতিফলন এই প্রতিক্রিয়ায় দেখা যায়।
প্রশাসন সূত্রে জানা গেছে, দায়িত্ব হস্তান্তরের পর সাবেক জেলা প্রশাসক মো. সারওয়ার আলম ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করেন। নতুন জেলা প্রশাসক যোগদান না করা পর্যন্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, গত ২১ জুন সরকার মো. সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে।

