দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৮৯ শিশু
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে মোট এক হাজার ৮৯টি শিশু।
বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত হালনাগাদ হাম-বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৯৬ শিশু। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৩ শিশু। ফলে হাম ও হামের উপসর্গজনিত কারণে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮৯ জনে।
এদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৯৩ শিশু এবং হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯৯৬ জন। এই সময়ে নতুন করে ৯২১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৯১১ শিশু।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৫ হাজার ৭৬০ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১ হাজার ৩৯০ জন। এর মধ্যে মোট ৭৯ হাজার ৬৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে ৭৫ হাজার ৮৮২ জন রোগী হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, হামের সংক্রমণ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আক্রান্ত শিশুদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো কাজ করছে।
সূত্র: ইউএনবি

