বাংলাদেশি নাগরিকদের জন্য দীর্ঘদিন পর পুনরায় ট্যুরিস্ট (পর্যটন) ভিসা চালু করেছে ভারত। রোববার (২৮ জুন) থেকে দেশের পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক)-এ এই ভিসার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার (২৯ জুন) থেকে আবেদনকারীদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র গ্রহণ শুরু হয়।
আবেদন গ্রহণের প্রথম দিনেই ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত আইভ্যাক কেন্দ্রে ভিসাপ্রত্যাশীদের দীর্ঘ লাইন দেখা যায়। দীর্ঘদিন পর পর্যটন ভিসা চালু হওয়ায় আবেদনকারীদের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।
এর আগে গত বৃহস্পতিবার যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শনকালে বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার Dinesh Tripathi বাংলাদেশিদের জন্য পুনরায় ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারত নিয়মিত ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছিল। পরে সীমিত পরিসরে মেডিকেল, ব্যবসা ও শিক্ষার্থী ভিসা চালু থাকলেও পর্যটন ভিসা বন্ধ ছিল।
নতুন হাইকমিশনারের দায়িত্ব গ্রহণের পর সেই স্থবিরতার অবসান হলো। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার আইভ্যাক কেন্দ্রে ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ করা হচ্ছে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য আইভ্যাক কেন্দ্রেও এই সেবা চালু করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

