টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরজাহান আক্তার সাথীর দায়িত্ব গ্রহণের পর প্রশাসনিক সেবার মানোন্নয়ন, জনসেবার গতি বৃদ্ধি এবং উন্নয়ন কার্যক্রমে নতুন গতি এসেছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। ২০২৫ সালের ১৫ ডিসেম্বর ইউএনও হিসেবে যোগদানের পর থেকেই তিনি জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে আসছেন।
স্থানীয়দের ভাষ্য, দায়িত্ব গ্রহণের পর তিনি প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সেবার মান নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। জন্ম ও মৃত্যু নিবন্ধন, ওয়ারিশ সনদ, ভূমি-সংক্রান্ত শুনানিসহ বিভিন্ন সরকারি সেবা আগের তুলনায় দ্রুত ও সহজে পাওয়া যাচ্ছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমেছে।
এছাড়া শিক্ষা উন্নয়ন, মাদকবিরোধী কার্যক্রম, প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে নিয়মিত তদারকি করছেন তিনি। উপজেলা পর্যায়ের অবকাঠামোগত উন্নয়নকাজও তার তত্ত্বাবধানে এগিয়ে চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
স্থানীয় সচেতন মহলের মতে, ইউএনও নূরজাহান আক্তার সাথী দায়িত্ব নেওয়ার পর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। তিনি নিয়মিত দুর্গম এলাকা পরিদর্শন করে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের খোঁজখবর নিচ্ছেন এবং প্রয়োজন অনুযায়ী সরকারি মানবিক ও আর্থিক সহায়তা পৌঁছে দিচ্ছেন।
শিক্ষার মানোন্নয়নেও তিনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। বিদ্যালয় পরিদর্শন, শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ এবং শিক্ষা কার্যক্রমের মান উন্নয়নে নিয়মিত কাজ করায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যেও ইতিবাচক সাড়া তৈরি হয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিক এবং সাধারণ মানুষের সঙ্গে সমন্বয় করে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে একটি কার্যকর ও জনমুখী প্রশাসন গড়ে তুলতে কাজ করছেন বলে এলাকাবাসীর অভিমত।

