ফরিদপুরের সালথা উপজেলায় প্রবাসী স্বামীর পাঠানো অর্থ আত্মসাতের অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া রমিজা সুলতানা আন্না মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের কামালদিয়া গ্রামের ইয়াসিন মোল্লার মেয়ে। তিনি দুই সন্তানের জননী।
সোমবার (২৯ জুন) দিবাগত রাত প্রায় ৩টার দিকে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সালথা উপজেলার আটঘর ইউনিয়নের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে বিদেশে কর্মরত রয়েছেন। পরিবারের ভরণপোষণ ও ভবিষ্যৎ নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি স্ত্রীর ব্যাংক হিসাব ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নিয়মিত অর্থ পাঠাতেন। অভিযোগ রয়েছে, ওই অর্থের একটি বড় অংশ পরিবারের প্রয়োজনে ব্যয় না করে ব্যক্তিগত ভোগ-বিলাসে ব্যবহার করা হয়েছে।
এ ছাড়া, অভিযুক্ত নারীর বিরুদ্ধে এক ব্যক্তির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগও করেছেন বাদী। তবে এ বিষয়ে তদন্ত ও বিচারিক প্রক্রিয়া এখনো চলমান থাকায় পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
সম্প্রতি দেশে ফিরে পরিবারের সদস্যদের কাছ থেকে বিষয়টি জানতে পেরে ওই প্রবাসী সালথা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে।
পুলিশ জানায়, তদন্তে প্রাথমিকভাবে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগের বিষয়ে তথ্য-উপাত্ত পাওয়ার পর রমিজা সুলতানা আন্নাকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা প্রবাসীদের কষ্টার্জিত অর্থের অপব্যবহারের অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সালথা থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান তালুকদার বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত পরিচালনা করা হয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের আলোকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যান্য বিষয়ও গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, গ্রেপ্তারকৃত নারীকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

