মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মসজিদের পাশের একটি ঝোপ থেকে জীবিত অবস্থায় এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। সোমবার (২৯ জুন) দিবাগত রাত প্রায় ১টার দিকে হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা যায়, গভীর রাতে হাসপাতাল চত্বরে হঠাৎ নবজাতকের কান্নার শব্দ শুনতে পান দায়িত্বরত এক আয়া। পরে তিনি বিষয়টি কর্মরত নার্সদের জানালে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মসজিদের পাশের ঝোপ থেকে শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করেন।
উদ্ধারের পরপরই নবজাতকটিকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে শিশুটি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
এদিকে, কে বা কারা গভীর রাতে নবজাতকটিকে হাসপাতাল চত্বরে ফেলে রেখে গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাটি ছড়িয়ে পড়লে হাসপাতালে উৎসুক মানুষের ভিড় জমে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং নবজাতককে ফেলে যাওয়ার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

