কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের পাঁচ প্রবাসী বাংলাদেশির মরদেহ কফিনবন্দি অবস্থায় দেশে পৌঁছেছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে মঙ্গলবার (৩০ জুন) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২২৬ ফ্লাইটে মরদেহগুলো সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়।
সকাল পৌণে সাতটার দিকে ফ্লাইটটি বিমানবন্দরে পৌঁছালে নিহতদের স্বজনরা সেখানে উপস্থিত ছিলেন। কফিনগুলো একে একে বের করে আনা হলে শোকাহত স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে বিমানবন্দর এলাকা।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধিরা বিমানবন্দরে নিহতদের মরদেহ স্বজনদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এ সময় নিহতদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেকও তুলে দেওয়া হয়।
পরে লাশবাহী অ্যাম্বুলেন্সে মরদেহগুলো কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকায় নিজ নিজ গ্রামের বাড়ির উদ্দেশে পাঠানো হয়। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মঙ্গলবার দুপুরে পারিবারিক কবরস্থানে তাদের দাফনের কথা রয়েছে।
উল্লেখ্য, গত ২১ জুন কাতারের শাহানিয়া এলাকায় সংঘটিত এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হন। নিহতদের মধ্যে পাঁচজনই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা ছিলেন। তারা হলেন—জিবাল উদ্দিন, জসিম উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

