ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন ‘তারুণ্য’-এর ১৭তম বার্ষিক সাধারণ সভা, নির্বাচন ও সুবাসিত সদস্য সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে ২০২৬-২৭ অর্থবছরের জন্য সভাপতি হিসেবে মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইমন হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে ইংরেজি বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারহানা আইরিন মণি নির্বাচিত হয়েছেন।
সোমবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) ১১৬ নম্বর কক্ষে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুর আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী সদস্যদের প্রত্যক্ষ ভোটগ্রহণ শেষে আনুষ্ঠানিকভাবে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে বিদায়ী সহ-সভাপতি আল হুদার সভাপতিত্বে এবং অগ্রপথিক তাবাসসুম মোহসীনা ও নবীন পথিক অমিত হাসান অভীকের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. এ.কে.এম. নাজমুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান এবং ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম।
এ সময় সংগঠনের সাবেক নেতৃবৃন্দ, সুবাসিত সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংগঠনের কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখা ৩০ জন ‘সুবাসিত সদস্য’কে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করে সংবর্ধনা দেওয়া হয়।
নির্বাচনে সংগঠনের ১৪তম সাধারণ সম্পাদক রিফাত মাশরাফী প্রত্যয় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে ভোটগ্রহণ, ভোট গণনা এবং ফলাফল ঘোষণা করে।
বিদায়ী সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ হিমেল বলেন, “‘অবারিত সম্ভাবনা নিয়ে জাগ্রত তারুণ্য’—এই মূলমন্ত্রকে ধারণ করে ২০০৯ সালের ২৯ জুলাই সংগঠনটির যাত্রা শুরু হয়। নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব তুলে দিতে পেরে আমরা আনন্দিত। রক্তদান, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ, লাইব্রেরি কার্যক্রম, ত্রাণ বিতরণ, পরিচ্ছন্নতা অভিযান এবং তরুণদের নেতৃত্ব বিকাশে তারুণ্য যেভাবে কাজ করে আসছে, নতুন কমিটির নেতৃত্বে সেই কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে আমরা আশা করি।”
নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফারহানা আইরিন মণি বলেন, “সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা থেকেই তারুণ্যের সঙ্গে আমার পথচলা। সংগঠনের সদস্যদের ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে আন্তরিকভাবে কাজ করতে চাই। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
নবনির্বাচিত সভাপতি মো. ইমন হোসেন বলেন, “সংগঠনের সদস্যরা আমার ওপর যে আস্থা রেখেছেন, তার মর্যাদা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করব। সবার সহযোগিতা ও পরামর্শ নিয়ে তারুণ্যের মানবিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রমকে আরও গতিশীল ও বিস্তৃত করতে চাই।”
প্রসঙ্গত, ২০০৯ সালে প্রতিষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচালিত সংগঠন ‘তারুণ্য’ একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও জনকল্যাণমূলক সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে দেড় দশকেরও বেশি সময় ধরে সংগঠনটি রক্তদান, বৃক্ষরোপণ, বইপাঠ, ত্রাণ বিতরণ, সাংস্কৃতিক চর্চা, দুর্যোগকালীন সহায়তা এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

