ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে আজ (১ জুলাই) বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে মেট্রোরেলের যাত্রাবিরতি সাময়িকভাবে বন্ধ থাকবে। এ সময় ট্রেন স্টেশনটি অতিক্রম করলেও সেখানে কোনো যাত্রী ওঠানামা করতে পারবেন না।
বুধবার (১ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে Dhaka Mass Transit Company Limited। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত তিন ঘণ্টা মেট্রোরেল ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে থামবে না। তবে অন্যান্য সব স্টেশনে মেট্রোরেল পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী স্বাভাবিকভাবে চলাচল করবে।
ডিএমটিসিএল সাময়িক এ অসুবিধার জন্য যাত্রীদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে এবং যাত্রীদের বিকল্প পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছে।
এদিকে, আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়’ প্রতিপাদ্যে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। এসব কর্মসূচিতে বিপুলসংখ্যক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও অতিথির অংশগ্রহণের বিষয়টি বিবেচনায় নিয়েই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে যাত্রাবিরতি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

