দেশে ভোক্তা পর্যায়ে জুলাই মাসের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের নতুন মূল্য আগামীকাল বৃহস্পতিবার (২ জুলাই) ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর মাধ্যমে চলতি মাসে এলপিজির দাম বাড়বে নাকি কমবে, সে বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
বিইআরসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌদি আরামকোর ঘোষিত সৌদি কন্ট্রাক্ট প্রাইস (সিপি) অনুসারে জুলাই মাসের বেসরকারি এলপিজির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত প্রকাশ করা হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহীদ প্রকৌশলী ভবনের ষষ্ঠ তলায় কমিশনের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে নতুন মূল্য ঘোষণা করার পাশাপাশি সংশ্লিষ্ট আদেশ বিইআরসির ওয়েবসাইটেও প্রকাশ করা হবে বলে জানিয়েছে কমিশন।
এর আগে গত ২ জুন বিইআরসি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করে। একই সঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা করা হয়। নতুন ঘোষণার মাধ্যমে জুলাই মাসের জন্য ভোক্তাদের এলপিজি ও অটোগ্যাসের হালনাগাদ মূল্য কার্যকর হবে।

