ময়মনসিংহ নগরীর কাচিঝুলী এলাকায় এইচএসসি পরীক্ষা শুরুর মাত্র চার ঘণ্টা আগে বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে তিশা সরকার (১৮) নামে এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) ভোর ৬টার দিকে কাচিঝুলী মসজিদ রোড এলাকার একটি ভবনে এ ঘটনা ঘটে।
নিহত তিশা সরকার ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার তারাকান্দা মধ্য বাজার এলাকার উত্তম সরকার ও মনি সরকারের মেয়ে। গত দুই বছর ধরে কাচিঝুলী মসজিদ রোডের নাসা টাওয়ার নামের একটি ভবনের ছাত্রী মেসে থেকে লেখাপড়া করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টায় এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। এর প্রায় চার ঘণ্টা আগে তিশা ভবনটির ছয়তলার ছাদে উঠে নিচে লাফ দেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সময় মেসের অন্যান্য বাসিন্দারা ঘুমিয়ে থাকায় কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিশা ছয়তলার ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন। পরীক্ষা-সংক্রান্ত মানসিক চাপ বা অন্য কোনো কারণ এ ঘটনার পেছনে রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

