বাগেরহাট সদর উপজেলার রণবিজয়পুর এলাকায় মোটরসাইকেল ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে শেখ তানজিম ইসলাম রাজ (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৯টার দিকে বাগেরহাট-ফকিরহাট আন্তঃজেলা সড়কে সদর উপজেলা পরিষদের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শেখ তানজিম ইসলাম রাজ বাগেরহাট জেলার সুন্দরঘোনা এলাকার বাসিন্দা সুলতান শেখের ছেলে। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ জানায়, সকালে মোটরসাইকেলে করে রাজ বাগেরহাট থেকে ফকিরহাটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে রণবিজয়পুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্রর সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় তিনি ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলটি জব্দ করে। তবে দুর্ঘটনার পর মাহেন্দ্রর চালক যানবাহনটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি পলাতক মাহেন্দ্রর চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

