শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সম্পৃক্ততার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, এ মামলায় ইনুকে আসামি করা হবে। একই সঙ্গে চলতি মাসের শেষ সপ্তাহে তদন্ত প্রতিবেদন ও আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে।
রাজনৈতিক পটপরিবর্তনের পর গত বছরের ২৬ নভেম্বর শাপলা চত্বরের হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করে হেফাজতে ইসলাম।
এর আগে, জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ৩০ জুন জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরই ধারাবাহিকতায় মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলায়ও তাকে আসামি করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

