ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মাছের পুকুর পাহারার জন্য বসানো অরক্ষিত বিদ্যুৎ সংযোগের মর্মান্তিক পরিণতিতে মামুন বিশ্বাস (২৮) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, একই বিদ্যুতায়িত জিআই (গ্যালভানাইজড আয়রন) তারে গত এক মাসে তিনটি কুকুর মারা গেলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। শেষ পর্যন্ত সেই তারেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারাতে হলো এক যুবককে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুন বিশ্বাস ওই গ্রামের লাকু বিশ্বাসের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন। পাশাপাশি কৃষিকাজও করতেন। তার দুই বছর বয়সী একটি ছেলে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজাপুর গ্রামের একটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করা হচ্ছিল। পুকুর পাহারা এবং রাতে আলোর ব্যবস্থা করতে বাঁশের খুঁটির সঙ্গে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। খুঁটিগুলো স্থির রাখতে চারপাশে জিআই তার টানানো ছিল। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে ওই জিআই তার বিদ্যুতায়িত অবস্থায় ছিল, যা এলাকাবাসীর জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছিল।
স্থানীয়দের দাবি, গত এক মাসে একই তারে জড়িয়ে তিনটি কুকুর মারা গেলেও বিষয়টি জানানো সত্ত্বেও সংশ্লিষ্টরা কোনো ব্যবস্থা নেননি। ফলে পুকুরপাড় দিয়ে চলাচলকারী মানুষ প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকিতে ছিলেন।
প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোরে গরুর জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হন মামুন বিশ্বাস। ঘাস কেটে ফেরার পথে পুকুরপাড়ে মাটিতে পড়ে থাকা বিদ্যুতায়িত জিআই তার তার পায়ে পেঁচিয়ে যায়। মুহূর্তেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের বড় ভাই রুবেল বিশ্বাস বলেন, তার ভাই ঘাস কেটে বাড়ি ফেরার সময় বিদ্যুতায়িত তারে জড়িয়ে মারা যান। আগেও একই তারে তিনটি কুকুর মারা গেলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ ঘটনার জন্য দায়ীদের বিচারের দাবি জানান তিনি।
পুকুরের মালিক জাহিদুল শিকদার বলেন, পুকুরটি লিজ দেওয়া ছিল। লিজগ্রহীতারা কীভাবে বিদ্যুৎ সংযোগ দিয়েছেন, সে বিষয়ে তার জানা ছিল না। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।
অন্যদিকে, পুকুরের লিজগ্রহীতা জানান, রাতে আলো জ্বালানোর জন্য বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিল এবং সকালে সেটি খুলে ফেলার কথা ছিল। তবে অসাবধানতাবশত সংযোগ বিচ্ছিন্ন না হওয়া কিংবা অন্য কোনো কারণে জিআই তারে বিদ্যুৎ প্রবাহিত হয়ে থাকতে পারে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পুকুরে দেওয়া বিদ্যুৎ সংযোগ থেকেই জিআই তার বিদ্যুতায়িত হয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

