দেশ গঠনে দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে সর্বাত্মক সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়তে হলে যে কোনো মূল্যে দুর্নীতি, চাঁদাবাজি এবং মাদক থেকে সমাজকে মুক্ত করতে হবে।
শনিবার (৪ জুলাই) বিকেলে ফরিদপুর শহরের থানা রোডে নাগরিক কমিটির আয়োজনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শামা ওবায়েদ ইসলাম রিংকুকে দেওয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, “মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজিমুক্ত সমাজ গড়তে হলে প্রতিটি পরিবার, গ্রাম, ওয়ার্ড ও ইউনিয়ন থেকে সামাজিক আন্দোলন শুরু করতে হবে। এ লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি আপনাদের সন্তান ও বোন হিসেবে বাবার মৃত্যুর পর যেমন আপনাদের পাশে ছিলাম, আগামী দিনেও তেমনি পাশে থাকব।”
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী দেশ গঠনের কাজে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের অর্জন যেন কোনো ভুল সিদ্ধান্ত বা কর্মকাণ্ডের কারণে ব্যর্থ না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. ইলিয়াস আলী, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলসহ বিএনপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা।
এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফরিদপুর শিশু একাডেমিতে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
সেখানে তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের হৃদয়জুড়ে ছিল বাংলাদেশ। অন্যায়-অবিচারের বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান ও প্রতিবাদী চেতনা তার সাহিত্যকর্মে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও পল্লীকবি জসীমউদ্দীন আমাদের অনুপ্রেরণার আলোকবর্তিকা। নতুন প্রজন্মের কাছে নজরুলচর্চা আরও বিস্তৃত করতে হবে।
ফরিদপুরের জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মো. নজরুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন।

