ফরিদপুরের নগরকান্দা উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফাহিম মাতুব্বর (২৩) ও রফিকুল মাতুব্বর (২৫) নামে দুই বন্ধু নিহত হয়েছেন। রোববার (৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মশাউজান এলাকায় ফরিদপুর-বরিশাল মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বরিশাল থেকে ফরিদপুরগামী সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে নগরকান্দাগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক ফাহিম মাতুব্বর নিহত হন। গুরুতর আহত অবস্থায় অপর আরোহী রফিকুল মাতুব্বরকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ফাহিম মাতুব্বর নগরকান্দা উপজেলার ফুলসূতী ইউনিয়নের চকনাউডুবি এলাকার জাহিদ মাতুব্বরের ছেলে। একই এলাকার কাউছার মাতুব্বরের ছেলে রফিকুল মাতুব্বরও এ দুর্ঘটনায় প্রাণ হারান। তারা ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।
দুর্ঘটনার পর ফরিদপুর-বরিশাল মহাসড়কে প্রায় ৩০ মিনিট যান চলাচল ব্যাহত হয়। এ সময় সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল সামদানী আজাদ জানান, সাকুরা পরিবহনের একটি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক নিহত হন। গুরুতর আহত অপর আরোহীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

