রাঙামাটিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় পাহাড়ি এলাকায় ঝুঁকি বেড়েছে। এরই মধ্যে বাঘাইছড়ি উপজেলায় গাছের গোড়া চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই সঙ্গে পাহাড়ধসের আশঙ্কা থাকলেও জেলা শহরের ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী অনেকেই এখনো আশ্রয়কেন্দ্রে যাননি।
মঙ্গলবার বাঘাইছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম লাইল্যাঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি লক্ষী বিলাশ চাকমা (৭০)।
রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী বিষয়টি নিশ্চিত করে জানান, বাঘাইছড়িতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে যেতে প্রশাসনের পক্ষ থেকে ধারাবাহিকভাবে আহ্বান জানানো হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, লক্ষী বিলাশ চাকমা একটি কাটা গাছের গোড়া দিয়ে পানি চলাচলের পথ পরিষ্কার করছিলেন। এ সময় গাছের গোড়াটি তার শরীরের ওপর ভেঙে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পাহাড়ধসজনিত ক্ষয়ক্ষতি এড়াতে রাঙামাটি শহরের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মাইকিং করে বাসিন্দাদের নিরাপদ আশ্রয় বা নিকটস্থ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত কোনো বাসিন্দা আশ্রয়কেন্দ্রে যাননি বলে জানিয়েছে জেলা প্রশাসন।
রাঙামাটি আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ৬৪ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, রাঙামাটি শহরে ১১টিসহ পুরো জেলায় মোট ৪৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, যাতে প্রয়োজন হলে দ্রুত ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া যায়।

