টাঙ্গাইল–ময়মনসিংহ মহাসড়কের মধুপুর বনাঞ্চল অংশে বন্যপ্রাণীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে পাঁচটি বিশেষ রোপওয়ে করিডোর নির্মাণ করেছে বন বিভাগ। মহাসড়ক পারাপারের সময় বন্যপ্রাণীর মৃত্যুর ঘটনা কমানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
জাতীয় উদ্যান রেঞ্জের আওতাধীন মহাসড়কের দুই পাশে পৃথক পাঁচটি স্থানে সুউচ্চ গাছের সঙ্গে বিশেষ কৌশলে দড়ি সংযুক্ত করে এসব রোপওয়ে নির্মাণ করা হয়েছে। এসব করিডোরের মাধ্যমে বন্যপ্রাণীরা গাছ থেকে মাটিতে না নেমেই এক পাশ থেকে অন্য পাশে নিরাপদে চলাচল করতে পারবে।
বন বিভাগ জানায়, মধুপুর বনাঞ্চলের মধ্য দিয়ে মহাসড়ক নির্মাণের ফলে বন্যপ্রাণীদের স্বাভাবিক বিচরণ ও আবাসস্থলের মধ্যে সংযোগ বিঘ্নিত হয়েছে। খাদ্য সংগ্রহ কিংবা আবাসস্থল পরিবর্তনের সময় গাছ থেকে নেমে সড়ক পার হতে গিয়ে দ্রুতগতির যানবাহনের চাপায় দীর্ঘদিন ধরে অনেক বন্যপ্রাণী প্রাণ হারিয়েছে।
নির্মিত রোপওয়ে করিডোর ব্যবহার করে বানর, কাঠবিড়ালি এবং অন্যান্য বৃক্ষবাসী প্রাণী নিরাপদে চলাচল করতে পারবে। ফলে সড়ক দুর্ঘটনায় বন্যপ্রাণীর মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করছে বন বিভাগ।
বন বিভাগের কর্মকর্তারা জানান, পরীক্ষামূলকভাবে নির্মিত এ রোপওয়ে করিডোরগুলো সফল হলে ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী দেশের অন্যান্য বনাঞ্চলেও একই ধরনের নিরাপদ করিডোর নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এ উদ্যোগ বন্যপ্রাণী সংরক্ষণ এবং বনাঞ্চলের জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

