ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের (ঢামেক) ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ জুলাই) সকালে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এ সময় স্বাস্থ্যখাতের আধুনিকায়ন, চিকিৎসা শিক্ষা ও অবকাঠামো উন্নয়নকে কেন্দ্র করে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন সরকারপ্রধান।
সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পৌঁছালে শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক ও অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এবং প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমান, যিনি ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী। অনুষ্ঠানে উপস্থিত সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি প্রধানমন্ত্রীকে স্মরণীয় মুহূর্ত ধরে রাখতে সেলফি তুলতেও দেখা যায়।
অনুষ্ঠানের উদ্বোধনের পর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে নির্মাণাধীন দুটি নতুন ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। পরে শহীদ ডা. মিলন অডিটোরিয়াম সংলগ্ন লনে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন তিনি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক একটি উন্মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী স্বাস্থ্যখাতের উন্নয়ন, চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন এবং জনসেবার পরিধি বাড়ানোর বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ উপলক্ষে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নে একাধিক নতুন প্রকল্প ঘোষণার সম্ভাবনাও রয়েছে।

