টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের জানআলী হাট ও ষোলশহর স্টেশনের মধ্যবর্তী রেললাইন প্রায় দুই ফুট পানির নিচে তলিয়ে যাওয়ায় টানা পাঁচ দিন ট্রেন চলাচল বন্ধ রাখতে বাধ্য হয় বাংলাদেশ রেলওয়ে। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে ৭ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত এ রুটে সব ধরনের ট্রেন চলাচল স্থগিত রাখা হয়।
ট্রেন চলাচল বন্ধ থাকায় আগে থেকেই বিক্রি হওয়া ১১ হাজার ৩৩৭টি টিকিটের অর্থ ফেরত দিতে হয়েছে রেলওয়ে কর্তৃপক্ষকে। এসব টিকিটের বিপরীতে মোট ৮৭ লাখ ৮৫ হাজার ৩৪৪ টাকা ফেরত দেওয়া হয়েছে। পাশাপাশি ট্রেন চলাচল বন্ধ থাকায় পরবর্তী কয়েক দিনের অগ্রিম টিকিট বিক্রিও ব্যাহত হয়েছে, ফলে রেলওয়ের আর্থিক ক্ষতির পরিমাণ আরও বেড়েছে।
সংশ্লিষ্টদের মতে, টানা জলাবদ্ধতা ও বন্যার ঝুঁকি বিবেচনায় চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের ঝুঁকিপূর্ণ অংশে টেকসই অবকাঠামো উন্নয়ন, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা এবং নিয়মিত তদারকি নিশ্চিত করা জরুরি। এতে ভবিষ্যতে এমন পরিস্থিতিতে ট্রেন চলাচল দীর্ঘ সময় বন্ধ রাখার প্রয়োজন কমে আসবে।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার জানান, রেললাইন টানা তিন দিন পানির নিচে ছিল। পানি নেমে যাওয়ার পরও নিরাপত্তার স্বার্থে আরও দুই দিন ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরে ১২ জুলাই সীমিত গতিতে এ রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।
বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন বলেন, অতিবৃষ্টিতে রেললাইন প্রায় দুই ফুট পানির নিচে চলে গেলেও অবকাঠামোর বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। পানি নেমে যাওয়ার পর সরেজমিন পরিদর্শন করে নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরই এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

