ময়মনসিংহের সম্ভোগঞ্জ এলাকায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহতরা হলেন আবেদা খাতুন (৩৫), সিলা আক্তার (২৫) ও দেবরাস ঘোষ (৩৮)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্ভোগঞ্জ এলাকায় দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং কয়েকজন গুরুতর আহত হন। স্থানীয়রা ও পুলিশ আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আবেদা খাতুন ও সিলা আক্তারকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা উদ্ধার করে। এ সময় কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিব্বিরুল আহমেদ বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ উদ্ধার অভিযান পরিচালনা করে আহতদের হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

