হবিগঞ্জে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘর্ষ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
বুধবার (২৯ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, বুধবার হবিগঞ্জ পৌর এলাকায় বিক্ষোভ সমাবেশ ও পথসভার কর্মসূচি ঘোষণা করেছে এনসিপি। একই সময় ও একই স্থানে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপি, হবিগঞ্জ পৌর বিএনপি এবং হবিগঞ্জ জেলা ছাত্রদল পাল্টা প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে।
প্রশাসনের ভাষ্য অনুযায়ী, উভয় কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতি ঘটতে পারে। এ কারণে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি, জনশান্তি বিঘ্নিত হওয়া এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে হবিগঞ্জ পৌর এলাকায় ফৌজদারি কার্যবিধির সংশ্লিষ্ট ধারার আওতায় ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জেলা প্রশাসনের আদেশে উল্লেখ করা হয়েছে।

