ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, ‘নগদ’ বিক্রি নিয়ে যে গুজব ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে জনগণকে সরকারি ডিজিটাল আর্থিক সেবার প্রতি আস্থা রাখার আহ্বান জানান।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ের ডাক ভবনে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিসের উদ্বোধন এবং ২০২৫-২৬ অর্থবছরে সংগৃহীত রাজস্ব থেকে মুনাফার অংশ হিসেবে নগদের ১৮ কোটি ৫৭ লাখ টাকার চেক ডাক অধিদপ্তরের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে এবং জনসেবামুখী আর্থিক ব্যবস্থা শক্তিশালী করতে নগদ সরকারি ব্যবস্থাপনাতেই পরিচালিত হবে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে আরও দক্ষ, লাভজনক ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে রূপান্তর করাই সরকারের লক্ষ্য।
তিনি বলেন, ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস ব্যবস্থা বিশ্বের অনেক দেশেই সফলভাবে পরিচালিত হচ্ছে। বাংলাদেশেও এই উদ্যোগের মাধ্যমে ডাকসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। এ জন্য উদ্যোক্তাদের উৎসাহিত করতে ব্যাপক প্রচারণা চালানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। ভবিষ্যতে দেশের সব পোস্ট অফিসকে পর্যায়ক্রমে ফ্র্যাঞ্চাইজি মডেলে পরিচালনার পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। এতে একদিকে নাগরিকসেবার পরিধি বাড়বে, অন্যদিকে নতুন কর্মসংস্থান ও ব্যবসার সুযোগ সৃষ্টি হবে।
নগদের রাজস্বের চেক গ্রহণের পর ফকির মাহবুব আনাম বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং নগদের মুনাফা সেই অগ্রগতির একটি ইতিবাচক উদাহরণ। তিনি বলেন, ডিজিটাল আর্থিক সেবা নিরাপদ, সহজ ও সাশ্রয়ী উপায়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ডাক বিভাগের আধুনিকায়ন, নগদের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আরও আস্থাশীল ও জনবান্ধব করে তুলতে হবে।
মন্ত্রী আরও বলেন, সরকারের মালিকানাধীন প্রতিষ্ঠান হিসেবে নগদের প্রতি মানুষের বিশেষ আস্থা রয়েছে। আধুনিক সফটওয়্যার, উন্নত গ্রাহকসেবা এবং উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে নগদকে আরও প্রতিযোগিতামূলক প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব। একই সঙ্গে দেশের ৯ হাজারের বেশি ডাকঘরকে আধুনিক সেবাকেন্দ্রে রূপান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে প্রত্যন্ত অঞ্চলের মানুষও সহজে ডিজিটাল ও আর্থিক সেবা গ্রহণ করতে পারেন।
তিনি জানান, চলতি অর্থবছরে নগদ উল্লেখযোগ্য পরিমাণ কর ও রাজস্ব প্রদান করেছে, যা রাষ্ট্রের রাজস্ব আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
বিশেষ অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি বলেন, উন্নত নাগরিকসেবা নিশ্চিত করতে সরকারের রাজস্ব বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডাক বিভাগের সঙ্গে নগদের অংশীদারিত্বের ফলে জনগণের আস্থা, সরকারের রাজস্ব এবং ডাক বিভাগের আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করতে সরকারের অঙ্গীকারের কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানে জানানো হয়, প্রথম পর্যায়ে ঢাকার ভেতরে চারটি এবং ঢাকার বাইরে চারটি ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস চালু করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব অঞ্চলে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
পরে মন্ত্রী ডাক বিভাগের অবিভাগীয় (ইডি) এজেন্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং আলোচনার মাধ্যমে তাদের সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
বিপিও-নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) কাজী আসাদুল ইসলাম। এছাড়া নগদের ঊর্ধ্বতন কর্মকর্তা, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কর্মকর্তা, ডাক অধিদপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।

