রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সময়ে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ৩০টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপির তথ্য অনুযায়ী, মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। বৃহস্পতিবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে রমনা বিভাগ থেকে ৩৫ জন, লালবাগ বিভাগে ৩৯ জন, ওয়ারী বিভাগে ৮৩ জন, মতিঝিল বিভাগে ৫৩ জন, তেজগাঁও বিভাগে ৬৭ জন, মিরপুর বিভাগে ১৩৩ জন, গুলশান বিভাগে ৫৬ জন, উত্তরা বিভাগে ৫৪ জন, গোয়েন্দা (ডিবি) বিভাগে ৮ জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযান চলাকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, ৩৬৭টি ইয়াবা ট্যাবলেট, দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, সাত রাউন্ড গুলি, ছয়টি মোবাইল ফোন এবং একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

