বর্তমান সময়ে দেশের সার্বিক পরিস্থিতি আগের তুলনায় অনেক বেশি স্বাভাবিক রয়েছে বলে মন্তব্য করেছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। তিনি দাবি করেন, বিগত ১৭ বছরের তুলনায় বর্তমানে দেশের সংবাদপত্রে গুম, খুন কিংবা ব্যাংক লুটের মতো ঘটনার খবর নেই।
বুধবার বিকেল ও বৃহস্পতিবার ভোলা সদর উপজেলার ইলিশা ও রাজাপুরের নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার পার্থ বলেন, গত সাড়ে চার মাসে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে গুম, খুন, হয়রানি, রাজনৈতিক মামলা কিংবা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুর্নীতির কোনো অভিযোগ ওঠেনি। তিনি আশা প্রকাশ করেন, সরকারিভাবে গুম-খুন বা বড় ধরনের দুর্নীতির পুনরাবৃত্তি হবে না। তবে কেউ ব্যক্তিগতভাবে অনিয়মে জড়ালে তার বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে বলেও উল্লেখ করেন।
ভোলার শিল্পায়নের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, শুধু গ্যাসের মজুত থাকলেই শিল্পায়ন সম্ভব নয়। এ জন্য ভোলা-বরিশাল সেতু নির্মাণ, উন্নত যোগাযোগব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি। সরকারের লক্ষ্য ভোলাকে একটি শিল্পাঞ্চলে পরিণত করা এবং এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব দপ্তর সমন্বিতভাবে কাজ করবে বলে জানান তিনি।
ভোলা-বরিশাল সেতু নির্মাণ প্রসঙ্গে এমপি পার্থ বলেন, সরকার নীতিগতভাবে সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদনের প্রক্রিয়া চলছে। এরপর সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) পদ্ধতিতে বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করে প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে নেওয়া হবে। একই সঙ্গে ভোলায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগও সরকারের বিবেচনায় রয়েছে বলে জানান তিনি।
নদীভাঙন পরিস্থিতি নিয়ে তিনি বলেন, শিবপুর, ইলিশা ও রাজাপুর এলাকার ভাঙন উদ্বেগজনক। বিষয়টি সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি বিশ্বব্যাংকের চলমান প্রকল্পের কাজ আরও গতিশীল করার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন। নদীর গতিপ্রকৃতি ও কারিগরি বিষয় বিবেচনায় নিয়ে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
এর আগে ভোলা সদর হাসপাতাল পরিদর্শন শেষে ব্যারিস্টার পার্থ হাসপাতালের চিকিৎসক, পরিচ্ছন্নতাকর্মীসহ জনবল সংকট এবং ওষুধের সরবরাহের বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান।
সূত্র: বাসস

