দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৪৬৩ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৮৯ জন, চট্টগ্রাম বিভাগে ৬৯ জন, বরিশাল বিভাগে ৬৭ জন, খুলনা বিভাগে ৬২ জন, রাজশাহী বিভাগে ৩২ জন, ময়মনসিংহ বিভাগে ২১ জন, রংপুর বিভাগে ২০ জন এবং সিলেট বিভাগে তিনজন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৩০ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১৫ হাজার ১৫৩ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৩ হাজার ৯৩১ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ১৬৯ জন ডেঙ্গুরোগী।
এদিকে, গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যুসহ চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার প্রজননস্থল ধ্বংস এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি।
উল্লেখ্য, ২০২৫ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল এক লাখ ২ হাজার ৮৬১ জন এবং ওই বছর ডেঙ্গুতে প্রাণ হারান ৪১৩ জন।

