ইরাকের উত্তরাঞ্চলের কিরকুক প্রদেশে ২৪ ঘণ্টার ব্যবধানে ছয় দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় সংবাদমাধ্যম শাফাক নিউজ এ তথ্য জানিয়েছে।
প্রদেশের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় সর্বশেষ ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৫। এর উৎপত্তিস্থল ছিল কিরকুক শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার পূর্বে।
এর আগে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আরও পাঁচটি ভূমিকম্প রেকর্ড করা হয়। এক ভূকম্পন বিশেষজ্ঞ শাফাক নিউজকে জানান, চতুর্থ ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৪ এবং তৃতীয়টির মাত্রা ছিল ৩ দশমিক ৭ থেকে ৪ দশমিক শূন্যের মধ্যে।
এর আগের কয়েকটি কম্পন কিরকুকের বিভিন্ন এলাকায় বসবাসকারী মানুষ অনুভব করেছেন। তবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। পাশাপাশি ধারাবাহিক এই ভূকম্পনের কারণ ও সম্ভাব্য প্রভাব বিশ্লেষণ করা হচ্ছে।
প্রায় পাঁচ হাজার বছরের ইতিহাসসমৃদ্ধ কিরকুক শহর ইরাকের রাজধানী বাগদাদ থেকে প্রায় ২৫০ কিলোমিটার উত্তর-পূর্বে জাগরোস পর্বতমালার পাদদেশে অবস্থিত। দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত এই অঞ্চলে কুর্দি, আরব ও তুর্কমেনসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের দীর্ঘদিনের বসবাস।

