টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ধনবাড়ী পাইস্কা বালিকা উচ্চবিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে আন্তঃহাউজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৫টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ ফাইনাল ম্যাচে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি মো. নূরুল আলম ফকিরের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মো. রকিব হাসান রুবেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি এম আজিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু বকর সিদ্দিক লেবু এবং ধনবাড়ী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম মোহাব্বত। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ক্রীড়াপ্রেমী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের সুস্থ শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন তালুকদার জানান, আন্তঃহাউজ ফুটবল টুর্নামেন্টে বিভিন্ন শ্রেণির চারটি দল অংশ নেয়। এসব দলের সেরা খেলোয়াড়দের বাছাই করে উপজেলা আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে।
ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় অষ্টম শ্রেণী ও দশম শ্রেণীর দল। অষ্টম শ্রেণী দলের কোচ ছিলেন সহকারী শিক্ষক সারমিন সুলতানা এবং দশম শ্রেণী দলের কোচ ছিলেন সহকারী শিক্ষক মো. সবুজ মিয়া।
খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা আক্রমণ-পাল্টা আক্রমণে দারুণ নৈপুণ্য প্রদর্শন করেন। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচের নির্ধারিত সময়ে উভয় দল ১-১ গোলে সমতায় থাকায় বিজয়ী নির্ধারণে ট্রাইব্রেকারের আয়োজন করা হয়। শেষ পর্যন্ত ট্রাইব্রেকারে ৮-৭ গোলের ব্যবধানে জয়লাভ করে অষ্টম শ্রেণীর দল এবং আন্তঃহাউজ ফুটবল টুর্নামেন্টের শিরোপা নিজেদের করে নেয়। বিজয়ী দলের খেলোয়াড়দের উচ্ছ্বাস এবং দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ।

