দেশে হামের পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১২১ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া ৭৫১ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং ৬৮৭ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে সারাদেশে মোট ১ লাখ ১১ হাজার ৬৭৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১৬ হাজার ১৮০ শিশু। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ১ লাখ ৭ হাজার ৩৯৭ শিশু।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৯৬ শিশু এবং হামের উপসর্গ নিয়ে ৭৪৪ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গে মোট ৮৪০ শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক আক্রান্তের হিসাবে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৬৯ শিশুর হাম শনাক্ত হয়েছে। এরপর রয়েছে চট্টগ্রাম বিভাগে ২০৭ এবং বরিশাল বিভাগে ১১৩ শিশু। এছাড়া সিলেটে ৭৭, খুলনায় ৩৭, ময়মনসিংহে ২২, রাজশাহীতে ১৯ এবং রংপুরে ৭ শিশুর হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এর আগে গত ৪ ও ২৫ মে একদিনে হাম ও হামের উপসর্গে ১৭টি করে শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়। এছাড়া ২৪ মে একদিনে ১৬ শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

