দেশের সব বিশ্ববিদ্যালয়কে পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ ডিজিটাল ক্যাম্পাসে রূপান্তরের আওতায় আনা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোকে শুধু সনদ প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে নয়, দক্ষ ও কর্মমুখী মানবসম্পদ তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
শনিবার (১ আগস্ট) দুপুর ১টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউজিসি চেয়ারম্যান বলেন, প্রতিটি বিশ্ববিদ্যালয়কে এমন একটি শিক্ষাঙ্গনে পরিণত করতে হবে, যেখানে শিক্ষার্থীরা শুধু ডিগ্রি অর্জন করবে না; বরং কর্মজীবনে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতাও অর্জন করবে। এ লক্ষ্যেই দেশের সব বিশ্ববিদ্যালয়কে পর্যায়ক্রমে ডিজিটাল রূপান্তরের আওতায় আনা হবে।
তিনি বলেন, প্রতিটি ক্যাম্পাসে নিরবচ্ছিন্ন ওয়াই-ফাই সংযোগ নিশ্চিত করার পাশাপাশি প্রথমে ডিজিটাল শ্রেণিকক্ষ এবং পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ ডিজিটাল ক্যাম্পাস গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন প্রান্তের জ্ঞান, গবেষণা ও আধুনিক শিক্ষার সঙ্গে সহজেই যুক্ত হওয়ার সুযোগ পাবে।
শিক্ষার্থীদের কর্মমুখী করে গড়ে তুলতে বাধ্যতামূলক ইন্টার্নশিপ চালুর পরিকল্পনার কথাও জানান অধ্যাপক ড. মামুন আহমেদ। তিনি বলেন, সরকারি, বেসরকারি ও শিল্পপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য আর্থিক সুবিধাসহ ইন্টার্নশিপের সুযোগ তৈরি করা হবে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শেষ করার আগেই শিক্ষার্থীরা বাস্তব কর্মপরিবেশ সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা ড. মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সচিব আবদুল খালেক, ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী এবং মালয়েশিয়া-বাংলাদেশ উন্নয়ন ও বাণিজ্য সম্পর্ক অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক মাহবুব আলম শাহ।
এছাড়া অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল।

