চলতি আগস্ট মাসের শুরু থেকে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের যেকোনো ধরনের তৎপরতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। একই সঙ্গে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের জিপ, পিকআপ, বাসসহ সরকারি যানবাহন হামলার লক্ষ্যবস্তু হতে পারে—এমন আশঙ্কায় মাঠপর্যায়ের সব ইউনিটকে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক জরুরি বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, দায়িত্ব পালনকালে কোনো কারণে পুলিশের যানবাহন থামানোর প্রয়োজন হলে তা অবশ্যই নিরাপদ স্থানে পার্কিং করতে হবে। পাশাপাশি দায়িত্ব শেষে থানা, পুলিশ লাইন্স, অফিস কম্পাউন্ড বা নির্ধারিত স্থানে রাখা সব সরকারি যানবাহনের নিরাপত্তা বাড়াতে হবে।
এ লক্ষ্যে সংশ্লিষ্ট স্থাপনায় নিয়মিত টহল জোরদার, বাড়তি নজরদারি এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ধরনের সন্দেহজনক কার্যক্রম, পরিস্থিতি বা তথ্য নজরে এলে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতেও বলা হয়েছে।
এদিকে শনিবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একাধিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিয়মিত বিভিন্ন ধরনের নিরাপত্তা নির্দেশনা দিয়ে থাকে।
তবে আগস্ট মাসকে কেন্দ্র করে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের সম্ভাব্য যেকোনো তৎপরতার বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।


1 Comment
Pingback: আগস্ট ঘিরে নিষিদ্ধ রাজনৈতিক তৎপরতা ঠেকাতে পুলিশের সর্বোচ্চ সতর্কতা - DNews.top