রাজধানী ঢাকার যানজট নিরসন, পরিবেশ সুরক্ষা এবং যোগাযোগ ব্যবস্থা আরও সহজ করতে ঢাকার চারপাশের নৌ-পথগুলো দ্রুত সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে আয়োজিত এক সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভায় প্রধানমন্ত্রী ঢাকার চারপাশের নৌ-পথের কার্যকর ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি নদী দূষণ রোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নদীর নাব্যতা ও স্বাভাবিক পানিপ্রবাহ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
সভায় ঢাকার আশপাশের নৌ-পথে ওয়াটার বাস পরিচালনায় আগ্রহী বেসরকারি কোম্পানিগুলোর প্রস্তাব বিবেচনা করে তাদের ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এর মাধ্যমে রাজধানীর সড়কপথের ওপর চাপ কমিয়ে নৌপথে যাত্রী পরিবহন বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
পরিবেশ সুরক্ষা ও নদীর সৌন্দর্যবর্ধনের বিষয়েও সভায় বিশেষ গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। নদীর তীরবর্তী এলাকায় পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সৌন্দর্য বাড়াতে নির্মিত ওয়াকওয়ের পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর নির্দেশ দেন তিনি।
প্রধানমন্ত্রী নদী ও জলাশয়ের স্বাভাবিক পরিবেশ রক্ষায় সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে রাজধানীর পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করা এবং নদীগুলোর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেন।
সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম উপস্থিত ছিলেন।
এ ছাড়া প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

