চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের সংঘর্ষে মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন।
রোববার (২ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ হাইওয়ে থানার পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মঘাদিয়া ইউনিয়নের চরশরৎ এলাকার আব্দুস সালামের ছেলে জয়নাল আবেদিন (৩৫) এবং একই এলাকার মরহুম খোরশেদ আলমের ছেলে জহির উদ্দিন (৫২)। জয়নাল আবেদিন দরগাহপাড়া কালা পীরশাহ জামে মসজিদের খতিব এবং জহির উদ্দিন একই মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে জোরারগঞ্জ হাইওয়ে থানার পাশে একটি মোটরসাইকেলের সঙ্গে পিকআপ ভ্যানটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে এবং এতে দায়ী যানবাহন ও চালকের বিষয়ে পুলিশ তদন্ত করছে।

